কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক সহ আটক-২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১২২৫ বোতল ভারতীয় অবৈধ মদ ও একটি কালো রঙ্গের মাইক্রোবাসহ ২জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর থানার ওয়াহিদ মিয়ার ছেলে রাকিবুল ইসলাম রুবেল (৩২) ও মানিকগঞ্জের হরিরামপুরের মৃত খোকন মোল্লার ছেলে মো. সাগর মোল্লা (৩৪)।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে কোম্পানীগঞ্জ থানাধীন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নভাগী গ্রামের মৃত আব্দুল মালিকের বাড়ির সামনে কাচা রাস্তার উপর থেকে একটি কালো রঙ্গের মাইক্রোবাস আটক করা হয়। সেখানে তল্লাশী করে IMPERIAL BLUE নামক ভারতীয় মদ ১৯০ বোতল, Ice VODKA নামক ভারতীয় মদ ৫৯ বোতল, OFFICER’S Choice BLUE নামক ভারতীয় মদ ২৩৮ বোতল, AC BLACK নামক ভারতীয় মদ ২৯৮ বোতল, MAGIC MOMENTS নামক ভারতীয় মদ ২৩৮ বোতল, ROYAL GREEN WHISKY নামক ভারতীয় মদ ১১৮ বোতল, ROYAL STAG নামক ভারতীয় মদ ৮৪ বোতল। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৫৮ হাজার টাকা। এসময় ওই দু’জনকে আটক করা হয়।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, আটকদ্বয়সহ পলাতক আরো ৩ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।



