৩৫ বছর পর ফের শপথ পড়ালেন সিইসি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬:৪৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
স্পিকার প্রকাশ্যে না থাকায়, ডেপুটি স্পিকার কারাগারে থাকায় এবং রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি কেউ নির্ধারিত না হওয়ায় সংবিধান মেনে গতকাল মঙ্গলবার সিইসি সংসদ সদস্যদের শপথ পড়ান।
প্রায় ৩৫ বছর পর সিইসির কাছে শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে, এবার সিইসি একসঙ্গে দুই শপথ পড়িয়েছেন।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন কমিশন-ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বলেন, এরশাদ সরকারের পতনের পর প্রধান বিচারপতিকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়; তখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুর রউফ।
“পঞ্চম সংসদ নির্বাচনের পর বিবদমান পরিস্থিতিতে নবনির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করান তৎকালীন সিইসি। এরপর এবার একইভাবে সিইসি শপথ পাঠ করালেন।”
বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার প্রশ্নে গণভোট হয়েছে।
চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রায় দেড় বছর পর এই নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে সরকার গঠন করেছে।
নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরের পঞ্চম সংসদ নির্বাচনেও বিএনপি জয়লাভ করে। ১৪০ আসনে জয় পাওয়া বিএনপি তখনকার স্পিকারের কাছে শপথ নিতে আপত্তি করায় সিইসি শপথ পড়ান।
ইসির সাবেক কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, ১৯৯১ সালে তখন স্পিকার ছিলেন মো. শামসুল হুদা চৌধুরী। আওয়ামী লীগে তার অধীনে শপথ নিলেও বিএনপি আপত্তি তুলেছিল, স্বৈরাচারের স্পিকারের অধীনে কোনো শপথ তারা নেবে না।
স্বৈরাচারের ‘দোসর’ হিসেবে তৎকালীন স্পিকারের কাছে শপথ নিতে রাজি না হওয়ায় আদালতের মতামত নেওয়া হয়। তখন সিইসি শপথ পড়ান।
৩৫ বছর পর আবার সিইসির কাছেই শপথ নিলেন বিএনপির নির্বাচিতরা।
এবার সিইসি সংসদ সদস্যদের দুটি শপথ পাঠ করিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের ২৯৪ জন নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়েছেন।
সংসদ ভবনের শপথ কক্ষে প্রথমে বিএনপির নবনির্বাচিত ২০৮ জন শপথ নেন। দলটির মিত্র ও স্বতন্ত্র মিলে কয়েক দফায় শপথ নিয়েছেন ২১৯ জন। তারা এমপির শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নেননি।
অন্যদিকে জামায়াত ও শরিক দলের ৭৭ জন দুই শপথই নিয়েছেন।
জাতীয় সংসদের সচিব কানিজ মওলা শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের সিনিয়র ইমাম কারী মোহাম্মদ সাইফুল্লাহ এবং আবু রায়হান কোরআন তেলাওয়াত করেন।
সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. এমদাদুল হক বলেন, শপথ অনুষ্ঠানে বিএনপির ২০৮ জন, জামায়াতের ৬৮ জন, এনসিপির ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, খেলাফত মজলিসের একজন, বাংলাদেশ খেলাফত মজলিসের ২ জন, জাতীয় পার্টি বিজেপির একজন, গণসংহতি আন্দোলনের একজন, গণঅধিকার পরিষদের একজন ও স্বতন্ত্র ৭ জন শপথ নিয়েছেন।
শপথ শেষে রীতি অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।



