গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীকে উৎসর্গ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এমরান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২০:১০ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী শপথ গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১ টায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এদিকে, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তাঁর মহান এই শপথকে নিজ আসন সিলেট-৬ এর দুই উপজেলার (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সর্বস্তরের জনগণের প্রতি উৎসর্গ করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার নির্বাচনী আসনের সকল মানুষের অকৃত্রিম ভালোবাসা না পেলে আমি এই জায়গায় আসতে পারতাম না। তাই এই শপথ তাঁদেরকেই উৎসর্গ করছি। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর এই ব্যালট-রায়ের যথাযথ মূল্যায়ন যাতে আল্লাহ আমাকে দিয়ে করান, সকলের কাছে এই দোয়া চাই। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ৮ হাজার ৩৪৮ ভোট বেশি পেয়ে জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিনকে পরাজিত করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।



