শাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি তুহিন, সেক্রেটারি মুজাহিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১:০৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখার সদ্য সাবেক সভাপতি তারেক মনোয়ার।
সমাবেশে ২০২৬ সেশনের সভাপতি নির্বাচনের লক্ষ্যে সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মাসুদ রানা তুহিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে মুজাহিদুল ইসলামকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।




