গোলাপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের প্রাণহানি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫:২৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায় ফরহাদ হাসান (৩০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। আর একই উপজেলার আছিরগঞ্জে হাইড্রোলিক ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কামাল হোসেন (৪২) নামে এক টমটম যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
ফরহাদ হাসান বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে ও কামাল হোসেন (৪২) বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের ভরাউট গ্রামের মক্তার আলীর ছেলে।
পুলিশ জানায়, সকালে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও চালকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। কিভাবে এই ঘটনা ঘটেছে তা পুলিশ জানতে পারেনি। তবে সড়কে পড়েছিল মোটরসাইকেল ও এর চালক।
অন্যদিকে বুধবার সকালে আছিরগঞ্জের বসন্তপুর-কটলিপাড়া সড়কের খাগাইল সুপার মার্কেটের সামনে হাইড্রোলিক ট্রাক্টর ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ওই যাত্রী নিহত হন।
এবিষয়ে গোলাপঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, দুইজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাইক পুলিশ হেফাজতে রয়েছে। কিভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। আর অপর ঘটনায় ট্রাক্টর আটক করলেও ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেছে।



