৫ দিনের সফরে আজ সিলেটে আসছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯:২৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পাঁচদিনের সফরে আজ বৃহস্পতিবার সিলেট ও মৌলভীবাজারে আসছেন আরিফুল হক চৌধুরী। গতকাল বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রীর সফরসূচী থেকে এ তথ্য জানা যায়। আজ দুপুর সোয়া দুইটার ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
বৃহস্পতিবার সিলেটে এসে প্রথমে সার্কিট হাউসে যাবেন আরিফুল হক চৌধুরী। এরপর বৃহস্পতিবার আর কোন কর্মসূচী নেই তার। শুক্রবার দুপুরে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও সেখানে জুমার নামাজ আদায় করবেন তিনি। বিকেলে দক্ষিণ সুরমা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করবেন।
এরপর শনিবার সকালে মৌলভীবাজারে যাবেন। সকালে মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন, পরে বরূনা মাদ্রাসা পরিদর্শন ও পীর সাহেব রশীদুর রহমান ফারুক বর্ণভীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন, দুপুর আড়াইটায় দাদা-দাদীর কবর জিয়ারত করবেন, এরপর কমলগঞ্জ থেকে সিলেটে নিজের বাসায় আসবেন।
রোববার সকাল থেকে সারাদিন নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পরিদর্শনে যাবেন নতুন এই মন্ত্রী। তিনি পর্যায়ক্রমে এই তিন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের সাথে মতবিনিময় করবেন।
সোমবার সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলার নেতৃবৃন্দ, গণমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সুধিকজনদের সাথে মতবিনিময় করবেন। এরপর দুপুরে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। এরপর মঙ্গলবার তিনি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন।



