প্রথম রমজানে ইফতারের দোকানে ভিড়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৭:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রথম রমজানেই সিলেট নগরীর ইফতার বাজার ছিলো জমজমাট। সব খাবারের দোকানেই ছিলো ক্রেতা ও বিক্রেতাদের ঢল। ক্রেতাদের ব্যস্ততায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
সরেজমিন দেখা গেছে, জিন্দাবাজার, রিকাবীবাজার, আম্বরখানা, বন্দরবাজার, ওসমানী হাসপাতাল সড়কের রেস্টুরেন্ট, অস্থায়ী দোকানে ছিলো খাবারের পসরা। পরিপাটি এবং আকর্ষণীয় করে রাখা হয় বাহারি মুখরোচক খাবারগুলো। খাবারের মধ্যে ছিলো-আখনি, পোলাও, খিচুড়ি, মাংসের বিভিন্ন উপকরণ। এই খাবারের সাথে শোভা পায় সিলেটের জনপ্রিয় পাতলা খিচুড়ি, জিলাপি, কাবাবসহ নানা রকম ঐতিহ্যবাহী খাবার। ক্রেতারা ভিড় করেন পছন্দের খাবার কিনতে। ক্রেতাদের চাহিদা সামাল দিতে বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন।
সিলেট নগরীতে প্রতিবছর এই ইফতার বাজার রমজানের ঐতিহ্যের অংশ হয়ে গেছে। বিকেল থেকে পুরোদমে বেচাকেনা শুরু হয়। তবে সন্ধ্যা ঘনিয়ে আসার পূর্ব মুহূর্তে রেস্টুরেন্টগুলোতে তৈরী হয় অন্যরকম এক আবহ। শুরু হয় শেষ মুহূর্তের বেচাকেনা। তখন ক্রেতাদের মধ্যে তুমূল তাড়া অনুভূত হয়। জিন্দাবাজার ইস্টিকুটুম, পানসী, পাঁচভাই, উঠান, মেহমান-সবার পরিচিত। এগুলো ছাড়াও আশপাশের রেস্টুরেন্টে ইফতার কিনতে ভিড় করেন অনেকে।
জিন্দাবাজার থেকে গ্রিল চিকেন, টিক্কা কাবাব কিনেছেন পাপলু চৌধুরী। কথা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘বাসায় রান্না হয়েছে। মেহমান আসায় বাড়তি কিছু কিনতে হচ্ছে।’ হালিম এবং চিকেন ঝাল ফ্রাই পছন্দ করেন আবু বকরের মেয়ে। এজন্য তাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে। তিনি বলেন, ‘প্রতিবছর রমজান মাসে হোটেল, রেস্টুরেস্টগুলোতে এই চিত্র চোখে পড়ে। ভালোই লাগে। এটি এখন আমাদের ঐতিহ্যেরই অংশ।’
এছাড়াও ইফতারির কমন আইটেম ছোলা, মুড়ি, বিক্রি হয়েছে অস্থায়ী দোকানে। ব্যবসায়ীরাও বেচাকেনায় সন্তুষ্ট। তারা বলেন, ‘প্রথম রমজানেই আশানুরূপ ক্রেতা হয়েছে।’
এদিকে গতকাল বিকেল থেকে রিকসাসহ ছোট যানবাহনের সংকট চোখে পড়ে। অনেকে ইফতার সামগ্রী কিনে রিকসা না পেয়ে বেকায়দায় পড়েন। মোড়ে মোড়ে মানুষ ভিড় করেন যানবাহনের জন্য। ইফতারের সময় ঘনিয়ে আসায় নিরুপায় হয়ে পায়ে হেঁটে যেতে হয়েছে রোজাদারদের।




