দরগাহ মসজিদে জুমার নামাজ, মাজার জিয়ারত ও ইফতার মাহফিলে একসঙ্গে দিন কাটালেন দুই মন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৯:১৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : অতীতে সিলেটে বিএনপির রাজনীতিতে দুইজন দুই মেরুতে নেতৃত্ব দিলেও নির্বাচনী প্রচারণা চালানো থেকে মন্ত্রী হয়ে সিলেট এসে একসঙ্গে দিন অতিবাহিত করলেন বানিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এমন অভূতপূর্ব সম্প্রীতির ঘটনায় প্রশংসায় ভাসছেন সিলেটের এই নতুন দুই মন্ত্রী। বিষয়টি টক অব দ্য সিলেট হিসেবে আলোচিত হচ্ছে।
সিলেট-১ আসন থেকে খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৪ আসন থেকে আরিফুল হক চৌধুরী এমপি নির্বাচিত হয়ে ঢাকায় গিয়েছিলেন, সেখান থেকে মন্ত্রী হয়ে এবার নিজ এলাকায় ফিরেছেন সিলেটের এই দুই কৃতি সন্তান।
সরকারি সফরে সিলেট ফিরে গতকাল শুক্রবার একসঙ্গে হযরত শাহজালাল (রহ:)’র দরগাহ মসজিদে জুমার নামাজ আদায়, বাদ জুম্মা মাজার জিয়ারত একসঙ্গে করেছেন নবনিযুক্ত এই দুই মন্ত্রী। পরে দোয়া মাহফিলেও অংশ নেন দুই মন্ত্রী। বিকেলে শহরতলীর দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলেও যোগ দেন তারা।
তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এবং সিলেটের দুই গর্বিত সন্তান মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শোকরানা ও দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
গতকাল শুক্রবার বাদ জুমা, সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন- বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণ
মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দোয়া মাহফিল শেষে তারা একসাথে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।




