শাবিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৯:৪৯ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠন।
সকাল পৌনে ১০টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এর আগে ভাষা শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলেই কালো ব্যাজ ধারণ করেন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, হল প্রশাসন, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন, শাবি প্রেসক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
সকাল ১১টায় মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সভাপতি এবং ভৌতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রাষ্ট্রভাষা বাংলাকে সর্বস্তরে প্রয়োগের জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। ভাষা চর্চা শুধু একটি নির্দিষ্ট দিবসে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং বাংলা ভাষাকে সমৃদ্ধ ও এগিয়ে নিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বাংলাকে এগিয়ে নিতে হলে দেশের অর্থনৈতিক ভিত্তিকেও শক্তিশালী করতে হবে। এ সময় তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ভাষা মহান আল্লাহ তালার দান। তৎকালীন সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিয়েছিল, যা ছিল চরম অন্যায় ও নিপীড়ন। তিনি বলেন, এ দেশের মানুষ কখনও কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। ভাষার জন্য আত্মত্যাগকারীরা আমাদের গর্বিত সন্তান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে, যা ভাষা শহীদদের আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, তৎকালীন তরুণদের অসামান্য অবদানের ফলেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। ভাষার মাধ্যমে সংস্কৃতির আদান-প্রদান ঘটে এবং এই দিবস আমাদের গণতান্ত্রিক আন্দোলনেরও সূচনা করেছে। তিনি সর্বস্তরে বাংলা ভাষার প্রচারে বিদ্যমান স্থবিরতা কাটিয়ে ওঠার আহবান জানান।
এছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জীবনবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম, প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান এবং শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত নিবন্ধক কালাম আহমদ চৌধুরী এবং সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব অতিরিক্ত নিবন্ধক ফয়ছল আহমদ।
এ সময় বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



