না ফেরার দেশে পার্ক ভিউ মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের ছাত্র ফেরদৌস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৭:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর পার্ক ভিউ মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের ছাত্র গতকাল ফেরদৌস আহমদ (২৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার পিতা সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম। তার ভাই-বোনদের মধ্যে ৬ জনই আমেরিকায় বসবাস করছে। অপর এক ভাইকে নিয়ে ফেরদৌস নগরীর সুবিদবাজারস্থ বাসায় বসবাস করতো। তার নামাজে জানাজা আজ সোমবার বাদ যোহর কুমারগাও ঈদগাহে অনুষ্ঠিত হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, ছেলের অসুস্থতার খবর শুনে মাস্টার আব্দুর রহিম দুদিন পূর্বে সস্ত্রীক আমেরিকা থেকে দেশে আসেন।
পারিবারিক সূত্র জানায়, চারদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ফেরদৌস। বাথরুম থেকে বের হবার পর তার শরীরের কোমর পর্যন্ত অবশ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রোববার সকালে তাকে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট)-স্থানান্তর করা হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে, গুইলেন-বারে সিনড্রোম(জিবিএস)-এ তার মৃত্যু হয়েছে। জিবিএস হচ্ছে- একটি বিরল অটোইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজস্ব স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভকে আক্রমণ করে। এটি সাধারণত কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের কয়েকদিন পর শুরু হয়, যা পা থেকে শুরু করে হাত ও সারা শরীরে দুর্বলতা বা প্যারালাইসিস সৃষ্টি করতে পারে। তবে, এটি ছোঁয়াচে বা সংক্রামক নয়।




