দোকানপাট খোলা রাখা ও নিরাপত্তা নিয়ে এসএমপি’র গণবিজ্ঞপ্তি জারি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৩:৩১ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে দোকানপাট খোলা রাখাসহ সার্বিক জননিরাপত্তা নিয়ে নতুন গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত শনিবার বিকালে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার এই গণবিজ্ঞপ্তি জারি করেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য শনিবার থেকে ঈদুল ফিতর পর্যন্ত পোশাকের দোকান, টেইলারিং ও বিপণিবিতানগুলোর ক্ষেত্রে আগের বন্ধ রাখার সময়সূচি প্রত্যাহার করা হয়েছে। এখন এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বন্ধ রাখার কোনো বাধ্যবাধকতা নেই।
নগরীর প্রধান সড়ক ও ফুটপাতগুলোর বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান সড়ক ও বিভিন্ন মার্কেটের সামনের ফুটপাত হকারমুক্ত রাখতে হবে। এক্ষেত্রে ব্যতিক্রম হলে বা কোনো দোকানের সামনে হকার দেখা গেলে হকার মালিক ও দোকান মালিক উভয়ের বিরুদ্ধেই কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের যেকোনো অপচেষ্টা দেখা গেলে এবং নগদ টাকা বহনে পুলিশের সহযোগিতা প্রয়োজন হলে ০১৩৩৯৯১১৭৪২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
তাছাড়া জিনিয়া অ্যাপ ব্যবহার করেও অভিযোগ করা যাবে। এসএমপির আওতাভুক্ত এলাকায় ইফতারের পর থেকে ভোর পর্যন্ত উচ্চস্বরে গান ও বাদ্যযন্ত্র বাজানো যাবে না। মোটরসাইকেলের উচ্চ শব্দের ব্যাপারেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।



