শতভাগ দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আমরা কাজ করছি, রাজনগরে বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৫:১৮ অপরাহ্ন
রাজনগর (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, আমরা নিরানব্বই নয় শতভাগ দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। দুর্নীতিকে আমরা দূর নয় কবর দেবো। তবেই এই দেশ এগিয়ে যাবে। রাষ্ট্রকে পুনরুদ্ধার করতে গেলে যার যেভাবে কাজ করার কথা, সততার সাথে নৈতিকতার সাথে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং আইন কানুন মেনে দেশকে এগিয়ে নিতে হবে। কারো অন্যায় আদেশে মাথানত করা যাবে না। উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল সোমবার দুপুরে উপজেলার এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজনগরের উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানী খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে ছিলেন-রাজনগর সরকারী কলেজের অধ্যক্ষ তামান্না বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুক্তাদির বিল্লাহ, রাজনগর ভারপ্রাপ্ত (কর্মকর্তা) মো. মোবারক হোসেন ভুঁইয়া, উপজেলা প্রকৌশলী আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলীল, সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান প্রমুখ।
উপজেলার সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবের আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, সদর ইউনিয়নের সদস্য দেলওয়ার হোসেন বাবলু, আজিজুল হক রিপন, ফুয়াদ হোসেন মুরাদ, আব্দুল্লাল আল মামুন প্রমুখ।
সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, আপনারা আগে যে ভাবে ভয়ে কাজ করতেন এখন সেভাবে করলে হবে না। পুলিশকে অন্যায় আদেশ করা হয়েছে, গুলি করতে বলা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, ঢাকায় প্রবেশের রাস্তা বন্ধ করে দিতে বলা হয়েছে। এ থেকে উত্তরণ ঘটাতে হবে। পরে তিনি পরিষদের সামনে দুস্তদের মাঝে ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।




