মাধবপুরে স্বামীকে হত্যার পর লাশ তালাবদ্ধ রেখে স্ত্রীর পলায়ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৭:১৯ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : মাধবপুর উপজেলার বারচান্দুরা গ্রামে স্বামীকে হত্যার পর লাশ ঘরে তালাবদ্ধ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী’র বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
নিহত ফেরদৌস মিয়া (৩৫) বারচান্দুরা গ্রামের সমসু মেম্বারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌসের সঙ্গে তার চতুর্থ স্ত্রী তাছলিমা বেগমের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ফেরদৌসের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অভিযুক্ত স্ত্রী ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কমল কৃষ্ণ সাহা জানান, হাসপাতালে আনার আগেই ফেরদৌসের মৃত্যু হয়েছে। তার বুকে ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর কারণ।
মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনুর রহমান জানান, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্ত্রী তাছলিমা পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




