ফসলরক্ষা বেড়িবাঁধ ও ক্লোজার বাঁধ পরিদর্শনে এমপি কামরুল, দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫৬:৩৪ অপরাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : বোরো ফসল রক্ষায় আমাদের এখনই কাজ করতে হবে। নদীতে ঢল আসার পর কাজ নিয়ে একে অন্যকে দোষারোপ করা যাবে না।
গতকাল সোমবার ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার, বর্ধিত গুরমা, মহালিয়া, গুরমা, হেরাকান্দি, চন্দ্র সোনার থাল, হালিহাওর, ধারাম হাওরের অর্ধশতাধিক বেড়িবাঁধ ও ক্লোজার বাঁধ পরিদর্শনকালে সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এ কথা গুলো বলেন।
তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, এখন নদী দেখছেন শান্ত ; কিন্তু এ নদী এমন্ত শান্ত থাকবে না। একদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে অশান্ত করে দিবে পুরো হাওর এলাকা। তখন আর কাজ করার সময়ও পাবেন না।
বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনি রায়, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর উপজেলা বিএনপি আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।



