নির্বাচনী এলাকার উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব-এমপি হাজী মুজিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৬:২২ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, নির্বাচনী এলাকার মানুষের অধিকার রক্ষা ও উন্নয়ন নিশ্চিত করাই তাঁর প্রধান দায়িত্ব। প্রশাসনের প্রতিটি দপ্তর জনগণের করের টাকায় পরিচালিত হয়। তাই জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা হয়রানি বরদাশত করা হবে না। সেবা প্রত্যাশীরা যেন সরকারি কোনো অফিসে এসে অযথা ভোগান্তি বা বিলম্বের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে।” সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই সঙ্গে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সার্বিক উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউএনও ও পৌর প্রশাসক ইসলাম উদ্দিন।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শুরুর আগে এমপিকে ফুল দিয়ে বরণ করে নেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।




