সিআইসির নতুন মহাপরিচালক সিলেটের আব্দুর রকিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৪:৫৮ অপরাহ্ন
ডাক ডেস্ক: বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনে শুরু হওয়া রদবদলের ছোঁয়া লেগেছে জাতীয় রাজস্ব বোর্ডেও (এনবিআর)। কর আদায়কারী সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আবদুর রকিবকে। তিনি এতদিন এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার এনবিআরের এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মৃত মোঃ আব্দুল হাফিজের দ্বিতীয় পুত্র মোহাম্মদ আব্দুর রকিব ছোটবেলা থেকেই ছিলেন প্রখর মেধার অধিকারী। তিনি পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এসএসসি এবং ঐতিহ্যবাহী এম সি কলেজ থেকে ১৯৮৯ সালে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তিনি এমসি কলেজ থেকে স্নাতক কোর্স সম্পন্ন করেন। ১৮তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে তিনি কর ক্যাডারে যোগদান করেন। তিনি এনবিআরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
সরকারি চাকুরিতে যোগদানের পূর্বে তিনি সিলেটের বহুল প্রচারিত দৈনিক সিলেটের ডাক-এ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। একজন সুলেখক ও কবি হিসেবে তার সুখ্যাতি রয়েছে।
মানবতাবাদী আব্দুর রকিব সিলেট অঞ্চলে ২০২২ সালের প্রলয়ংকারী বন্যার পর জীবনের ঝুঁকি নিয়ে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ান। বন্ধু-বান্ধব-শুভাকাক্সক্ষীদের সহযোগিতা নিয়ে বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদানের পাশাপাশি অনেকের ঘর নির্মাণেও তিনি সহযোগিতা প্রদান করেন। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার পর তিনি ত্রাণ নিয়ে সেখানে ছুটে যান।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, অন্তবর্তী সরকার ২০২৪ সালের আগস্টে ক্ষমতা নেওয়ার পর কর প্রশাসনে বড় ধরনের রদবদল আনে। ওই বছরের সেপ্টেম্বরে সিআইসি থেকে শুরু করে একযোগে দেশের ৪০ জন কর কমিশনারকে বদলি করা হয়। সেই রদবদলের অংশ হিসেবে তৎকালীন সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বৃহৎ করদাতা ইউনিটে বদলি করা হয়। তার স্থলে ঢাকার কর অঞ্চল-১৫ এর কমিশনার আহসান হাবিবকে দায়িত্ব দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আহসান হাবিব পদোন্নতি পেয়ে এনবিআরের সদস্য হিসেবে দায়িত্ব নেন। ফলে সিআইসির মহাপরিচালকের পদটি কার্যত কয়েকদিন শূন্য ছিল।
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনে ব্যাপক রদবদল চলছে। সোমবার চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ সচিবকে অপসারণ করা হয়; একই দিনে তিনজন সচিবকে বদলি করা হয়।
এছাড়া দেশের ছয় সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপির নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে শতাধিক নির্বাচন কর্মকর্তার দায়িত্বেও রদবদল আনে নির্বাচন কমিশন।
একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়; তার স্থলাভিষিক্ত হন মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার পুলিশ বাহিনীতেও পরিবর্তন আনা হয়। নতুন আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয় আলী হোসেন ফকিরকে, যিনি এর আগে এপিবিএনের প্রধান ছিলেন।




