‘মানবপাচারের মতো অপরাধীদের শাস্তি নিশ্চিতে সকলকে সোচ্চার হতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৮:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মানবপাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল সিলেট এর বিচারক মো. শরিফুল ইসলাম বলেছেন, মানবপাচারের মতো ঘৃণ্য অপরাধীদের শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে সোচ্চার হতে হবে। তিনি বলেন, এ মামলায় সংশ্লিষ্ট বাদী এবং সাক্ষীরা পদ্ধতিগত জটিলতার সম্মুখীন হন। মানবপাচারকারীদের শাস্তি নিশ্চিত করতে হলে বাদী এবং সাক্ষীদের ভীতিহীন পরিবেশ জরুরি বলেও মন্তব্য করেন।
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সভা কক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত ‘বাংলাদেশে মানব পাচার ট্রাইব্যুনালে সাক্ষী এডভোকেসি পাইলটিং’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিচারক শরিফুল ইসলাম আরো বলেন, মানবপাচার সংক্রান্ত প্রচলিত আইন সম্পর্কে ধারণা না থাকায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ ব্যাপারে মানুষকে সচেতন করে তুলতে হবে। তিনি আরো বলেন, পাচারের শিকার মানুষের ন্যায় বিচার নিশ্চিত শুধুমাত্র আদালতের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে পুলিশ, আইনজীবী, এনজিও কর্মীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সকলকে যার যার অবস্থান থেকে কাজ করলে ভুক্তভোগীরা সুফল পাবে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মোজাম্মেল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আনাস হাবিব কলিন্স।
সভায় আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন মানবপাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট আলী হায়দার, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এডভোকেট ফারজানা হাবিব চৌধুরী, এডভোকেট শাবানা ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রফিক, এডভোকেট জাকিয়া জালাল, রেইস প্রকল্পের আব্দুস সালাম, মোমিন আকন্দ প্রমুখ।



