ইবনে সিনা হাসপাতালের ইফতার মাহফিল, চিকিৎসাসেবায় আত্মশুদ্ধির শিক্ষা প্রতিফলিত হওয়া প্রয়োজন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩২:৪৫ অপরাহ্ন
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড-এর চেয়ারম্যান (এইচএমসি) মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দুনিয়ায় প্রকৃত শান্তি অর্জন করতে হলে কোরআনের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করা ছাড়া বিকল্প নেই। তিনি বলেন, যারা সত্যিকার ঈমান নিয়ে কোরআনের পথে চলবে এবং সৎ ও যোগ্য মানুষ হিসেবে সমাজে দায়িত্ব পালন করবে, আল্লাহ তাদের জন্য পবিত্র ও সম্মানিত জীবন দান করবেন।
তিনি বলেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়; এটি মানবতার সেবার অন্যতম মহান ক্ষেত্র। রমজানের শিক্ষা ধারণ করে মানবিকতা, সততা ও দায়িত্ববোধের সাথে রোগীদের সেবা করার জন্য তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের উদ্যোগে চিকিৎসকদের নিয়ে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইবনে সিনা হাসপাতালের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. ইসমাইল পাটওয়ারী, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক আব্দুল কাদির খান, পরিচালক ডা. মুদাব্বির হোসেন, ডিএমএস কর্নেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী, এডিএমএস মেজর (অব.) আ. সালাম চৌধুরী, ম্যানেজার (এডমিন ও ইনচার্জ) মো. বেলাল হোসাইন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. সালেহ আহমদ শাহীন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. এ কে এম দাউদ।
এছাড়াও সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, বিভাগীয় প্রধান, সিনিয়র ও জুনিয়র কনসালটেন্টবৃন্দ এবং ইবনে সিনা হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ডা. মিসবাহ উদ্দিন। -বিজ্ঞপ্তি



