খালখনন কর্মসূচি উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে -এম এ মালিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৪:৪৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মল্লিকপুর এলাকায় খালখনন কার্যক্রম পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, চলমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ-এই তিনটি উপজেলা সরাসরি উপকৃত হবে।
তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় শুরু হওয়া খাল পুনঃখনন উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী নতুন করে কর্মসূচি বাস্তবায়ন করছেন, যা কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, খাল পুনঃখনন শুধু পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নই করবে না, বরং কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি স্মৃতিচারণ করে বলেন, ১৯৭৫ সাল থেকে জাতীয়তাবাদী আদর্শের অংশ হিসেবে খালখনন ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে তিনি যুক্ত ছিলেন। ১৯৭৭ সালে শহীদ জিয়াউর রহমানের উদ্যোগে পরিচালিত খাল খনন আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এম এ মালিক জানান, ইতোমধ্যে সিলেট-৩ আসনের আওতাধীন দাউদপুর ও মল্লিকপুরে খালখনন কার্যক্রমে অংশ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে বালাগঞ্জ উপজেলাতেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, “সিলেট-৩ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিয়েছেন। ইনশাল্লাহ আমরা তিন উপজেলাকে মডেল এলাকায় রূপান্তর করবো।”
তিনি আরও বলেন, শুধু খাল নয় সুরমা, কুশিয়ারা ও অন্যান্য ছোট ছোট নদী পুনঃখননেও সরকারের পরিকল্পনা রয়েছে। এসব নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এম এ মালিক প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং ভোটারদের সহযোগিতা কামনা করেন।


