সিলেটে হতদরিদ্র পরিবারের মাঝে জামায়াতের ছাগল বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৯:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : দারিদ্র বিমোচনের লক্ষ্যে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে সিলেট মহানগর জামায়াত। আজ বৃহস্পতিবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর মিরাবাজার এলাকায় জনকল্যাণ তহবিল থেকে এই ছাগল বিতরণ করা হয়।
মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
এসময় তিনি বলেন, জামায়াত দারিদ্রমূক্ত স্বনির্ভর জাতি গঠন করতে চায়। সমাজের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠা চায়। যাকাতভিত্তিক অর্থব্যবস্থা নিশ্চিত করতে পারলে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব হবে। আজকে ছাগল বিতরণের মাধ্যমে কিছু ভাইয়ের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। তারা হালাল রুজির মাধ্যমে পরিবারের ভরণপোষন চালিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে। সমাজের হতদরিদ্র মানুষেরা আমাদেরই আপনজন। সামর্থবানদের উপর তাদের হক রয়েছে। যথাযথভাবে তাদের হক আদায় করা মুমিনের কাজ। গরীব সারা জীবন গরীব থাকবে এটা ইসলামের শিক্ষা নয়। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। এজন্য প্রয়োজন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বনির্ভরতার সুযোগ দেয়া। আর স্বনির্ভরতা সৃষ্টির লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতের ছাগল বিতরণ একটি মহৎ উদ্যোগ। আমরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে চাই। দরিদ্র মানুষের হক তাদের কাছে ফিরিয়ে দিতে চাই।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সদর উপজেলা আমীর নাজির উদ্দিন প্রমুখ। ছাগল বিতরণ শেষে উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করা হয়।




