বালাগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরীঘাটের ভিত্তি স্থাপন করলেন এমপি এমএ মালিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১:৪৮ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক বলেছেন, বালাগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি কুশিয়ারা নদীতে সেতু নির্মাণ করা হবে। সেতু নির্মাণের আগে পর্যন্ত এখানে ফেরী চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বালাগঞ্জ উপজেলা সদরে বড়ভাঙ্গা নদীতে সেতু নির্মাণ করা হবে এবং এখানে পৃথক ঝুলন্ত সেতু নির্মাণ কাজ এগিয়ে চলছে। তিনি এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা তার অঙ্গীকার এবং তার ভুল থাকলেও সমালোচনার পূর্ণ অধিকার সাংবাদিকদের থাকবে।
সংসদ সদস্য এমএ মালিক গতকাল বৃহস্পতিবার বিকাল ২টায় বালাগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরীঘাট স্থাপন কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, তার দল ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের আলোকে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেছে। তিনি বলেন, সরকার, রাজনৈতিক দল ও গণমাধ্যম একসাথে কাজ করলে তবেই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।
এ সময় বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল নূর, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক মো. আমির আলী প্রমুখ উপস্থিত ছিলেন।



