সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৯:৩৯ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট- তামাবিল- জাফলং মহাসড়কের দরবস্তে এলাকায় ট্রাকের চাপায় জৈন্তাপুর মডেল থানার পুলিশ কর্মকর্তা এএসআই আতিকুর রহমান নিহত হয়েছেন। এঘটনায় আরও এক এএসআই আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, (২৭ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জৈন্তাপুর মডেল থানায়-কর্মরত এএসআই সোহেল রানা ও এএসআই আতিকুর রহমান মামলা তদন্ত সংক্রান্ত কাজে মোটরসাইকেলে দরবস্ত ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। দরবস্ত টেংরা-বারাইকান্দি এলাকায় যাওয়ার পর জাফলং থেকে সিলেটগামী একটি বালুবাহী ট্রাক (রেজি: চট্ট মেট্রো-ট-১২-০৯৯২) পেছন দিক থেকে তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়, এতে ছিটকে পড়ে এএসআই আতিকুর রহমান গুরুতর আহত হন এবং সঙ্গীয় এএসআই সোহেল রানা আহত হন।
ঘটনার খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ অন্যান্য ফোর্স ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক এএসআই আতিকুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে এএসআই আতিকুর রহমান মারা যান।
নিহত এএসআই আতিকুর রহমানের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের মো. সামছুল হকের ছেলে তিনি। এঘটনায় ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সাল (২১)-কে ট্রাক সহ আটক করা হয়েছে।আটককৃতরা ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা বলে জানাগেছে।
এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।



