সিলেটে আজ বৃষ্টির পূর্বাভাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ২:৫০:১৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : প্রকৃতিতে শীতের রেশ পুরোপুরি কেটে গেছে। তাপমাত্রা বাড়ছে দ্রুত। উষ্ণ আবহাওয়ার মাঝে এবার এসেছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া অধিদপ্তরের আজ সোমবার সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামী ৫ দিনের পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া ঢাকায় বাতাসের পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আগামীকাল ৩ মার্চও ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ওই দিন তাপমাত্রা দিনের বেলা সামান্য বাড়তে পারে এবং রাতের প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে জানানো হয়, ৪ মার্চ আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ৫ মার্চ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অবশ্য রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
৬ মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।




