শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতীয় সহকারী হাই-কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ৪:৩৭:৪৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল( মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : দেশের অন্যতম পর্যটন নগরী ও চায়ের স্বর্গরাজ্য শ্রীমঙ্গল উপজেলা শহরে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস। পরিদর্শন শেষে তিনি সেবাশ্রমের কার্যকরী পরিষদের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
আজ সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে অনিরুদ্ধ দাস বলেন, রামকৃষ্ণ মিশন সেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িক চেতনা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক সুদৃঢ় করতে এ ধরনের প্রতিষ্ঠান কার্যকর সেতুবন্ধনের কাজ করছে।
শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী পরিষদের সভাপতি ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল সারদা সমিতির সহ-সভাপতি দ্বীপশিখা ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনের দ্বিতীয় সচিব (PIC&E) রাজেশ ভাটিয়া।
বিশেষ অতিথির বক্তব্যে রাজেশ ভাটিয়া মিশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সেবাশ্রমের সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল প্রধান অতিথি অনিরুদ্ধ দাস ও বিশেষ অতিথি রাজেশ ভাটিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।
পরিদর্শনকালে সহকারী হাই-কমিশনার সেবাশ্রমের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।




