জাতীয় সংসদের হুইপ মনোনীত হবিগঞ্জের জিকে গউছ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ৭:২৯:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের হুইপ মনোনীত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। জিকে গউছসহ ৬ সংসদ সদস্যকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হুইপ হিসেবে নিযুক্ত করেছেন।
আজ সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আর চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে।
জিকে গউছ ছাড়া আরও যে ৫ জন হইপ হয়েছেন তারা হলেন- খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন (নিজাম)।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়। আগামী ১২ মার্চ নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সংসদ অধিবেশন শুরুর আগেই এই গুরুত্বপূর্ণ সংসদীয় পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলো।
নিয়োগপ্রাপ্ত চিফ হুইপ ও হুইপগণ জাতীয় সংসদে সরকারি দলের শৃঙ্খলা রক্ষা এবং সংসদীয় কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।




