শাবি উপাচার্যের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ৯:৩২:০১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ক্যাম্পাসে উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে বাহ্যিক প্রভাবের ঊর্ধ্বে থেকে দৃঢ় ও ন্যায়সংগত অবস্থান গ্রহণ করতে হবে। প্রেসক্লাব সবসময় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও তারা বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করবে এমন প্রত্যাশা রাখছি।
প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল বলেন, প্রেসক্লাব সবসময় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণকে সামনে রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে ক্যাম্পাসের বাস্তব চিত্র তুলে ধরার লক্ষে আমরা কাজ করি। ভবিষ্যতে যৌক্তিক সব কাজে প্রশাসন ও প্রেসক্লাব একসাথে কাজ করবে।
এসময় শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি সৈকত মাহাবুব, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক, কার্যকরী সদস্য ইকবাল হোসাইন, নাদির আহমেদ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।




