সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্য চাকুসহ আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৬, ১:৫৮:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ জনকে চাকুসহ আটক করেছে পুলিশ। এসময় ওই ভিক্টিমকে উদ্ধার করে পুলিশ। রোববার (৮ মার্চ) রাতে তাদেরকে নগরীর তাঁতিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের মোগলাবাজারের মো. সেলিম আহমদের ছেলে তানজিম মাহবুব নিশান (২১), শাহপরান (র.) থানাধীন মো. মোক্তাদিরের ছেলে আহসান হাবিব মুন্না (১৯), মো. রতনের ছেলে জয়নাল আবেদীন রাব্বি (১৮), আব্দুল মন্নানের ছেলে সুফিয়ান আহমদ (১৯), হাওয়াপাড়ার মো. ফয়জুল করিমের ছেলে জুবাইন আহমদ (১৯), রুমান আহমদের ছেলে ফারদিন আহমদ (১৮), মানিক মিয়ার ছেলে মিজান আহমদ (১৮), চৌকিদেখীর মো. আনোয়ার মিয়ার ছেলে মো. জাকির হোসেন (১৯), কাজীটুলার আবুল হোসেনের ছেলে মো. মারজান (১৯), এয়ারপোর্ট থানা এলাকার মো. সুজন মিয়ার ছেলে মোসাদ্দেক আলী (১৮)।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন তাঁতিপাড়া পয়েন্ট থেকে সুনামগঞ্জের দিরাইর সুহেল সরকারকে (২২) ১৪/১৫ জন দূষ্কৃতিকারী জোরপূর্বক অপহরণ করে তাঁতিপাড়াস্থ নাজমা নিবাস নামীয় ৫৬নং বাসার ২য় তলায় অবৈধভাবে আটক করে ধারালো চাকু, কেচি দ্বারা ভয়ভীতি প্রদর্শন ও লোহার রড ও স্টিক দ্বারা মারপিট করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী ও আদায় করে তার ব্যবহৃত ১টি মোবাইল সেট নিয়ে নেয়। একপর্যায়ে দূষ্কৃতিকারীরা সুহেল সরকারকে (২২) তার পরিহিত জামা কাপড় খুলে ভিডিও ধারণ করে। উক্ত ঘটনাটি থানা পুলিশকে অবহিত করলে তাদের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দিবে মর্মে হুমকি দিয়া ভিকটিমকে ছেড়ে দেয়। পরবর্তীকে ভিকটিম সুহেল সরকার বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে সুহেল সরকারের সনাক্ত ও দেখানো মতে দূষ্কৃতিকারী ১০ জনকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা অপর প্রবাসী ভিকটিম সিলেটের গোলাপগঞ্জের জাহিদ আহমদকে (৪২) উদ্ধার করা হয়।
রোববার দিবাগত মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, ২ জন ভিকটিমের ২টি মোবাইল সেট ও নগদ টাকা, ঘটনায় ব্যবহৃত কেচি, চাকু, লোহার রুল আসামীদের হেফাজত থেকে উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




