‘জ্বালানি সাশ্রয়ে’ দেশের সব বিশ্ববিদ্যালয় ছুটি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৬, ৪:০৮:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘিরে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়। নির্দেশনাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।
ও নির্দেশনায় বলা হয়, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এ জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত তারিখ পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ থাকবে মর্মে সব বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার মেনে পরিচালিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫ মার্চ থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার কথা ছিল।
বিশ্ববিদ্যালয়গুলোকে জ্বালানি সাশ্রয়ে ১১ দফা নির্দেশনাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার এবং জানালা-দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার; ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার এবং প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার; অফিস চলাকালে প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে; এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা; অফিস ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা; অফিসের করিডর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করা; বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার।




