খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’র নগদ ১০ লাখ টাকার অনুদান বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৬, ৬:৪২:৪০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’ এর পক্ষ থেকে ৩৬৬ টি পরিবারের মধ্যে নগদ ১০ লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। রোববার (৮মার্চ) দুপুর ২ ঘটিকায় সিলেটের ওসমানীনগর উপজেলার খন্দকার বাজারস্থ খাগদিওর জামিয়া ইসলামিয়ার মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগদিওর জামিয়া ইসলামিয়ার পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম চৌধুরী লয়লা। জামিয়ার মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় মুফতি আব্দুস সামাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন। অতিথি হিসেবে বক্তৃতা করেন জামিয়ার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, প্রধান শাইখুল হাদিস হাফিজ মাওলানা সালেহ আহমদ আনোয়ারপুরী, মাওলানা নুমানুল হক চৌধুরীসহ প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন, বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন এবং দক্ষিণ সুরমা উপজেলা জালালপুর ইউনিয়নের মোট ২৫টি গ্রাম ও মহল্লার ৩৬৬টি পরিবারের মধ্যে নগদ ১০ লক্ষ টাকা অনুদান বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতি বছর পবিত্র মাহে ও ঈদুল ফিতর উপলক্ষে অনুদান বিতরণ করে আসছে। এছাড়াও ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে খাগদিওর জামিয়ার নতুন দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। এবং জামিয়ার প্রধান ফটক ও প্রাচীর নির্মাণে তাদের ভূমিকা স্বরণীয়।



