সিলেটে আড়াই কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ৫:২৩:৪৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, মঙ্গলবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় বেটনোভেট ক্রীম, জিরা, গরু, মহিষ, ইমিটেশন চেইন, মেডিসিন, মোটরসাইকেল পাটর্স, চকলেট, ফল, চা-পাতা, কসমেটিক্স সামগ্রী, বাসমতি ফ্লেভার পাউডার, চিনি, আতশ বাজি, নারিকেল, মেহেদী, বিস্কুট, পুডিং পাউডার, টু-পিস, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত টাটা ট্রাক আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।
এব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



