সিলেটে এক রাতে ১৬ জন ছিনতাইকারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২৬, ৮:২০:৩৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে এক রাতেই ১৬ জন ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শাহ আলমের ছেলে মো. রিমন আহমদ (৩৬), সুনামগঞ্জের দিরাইর মৃত ছোয়াব উল্লাহর ছেলে মো. ইমন আহমদ (৩০), বিশ্বম্ভরপুরের মো. জহির মিয়ার ছেলে মো. নুরুল ইসলাম শুভ (২০), রমনী কান্ত সরকার ওরফে অঞ্জু সরকারের ছেলে দিব্য সরকার (২২), মধ্যনগরের মৃত আব্দুর রহমানের ছেলে রিপন মিয়া (৩২), মৌলভীবাজারের রাজনগরের মৃত আঙ্গুর মিয়ার ছেলে জাবেদ ওরফে নেইমার (২৪), কুলাউড়ার মৃত হারুন মিয়ার ছেলে মো. আলাল হোসেন (২৩), কিশোরগঞ্জের বাজিতপুরের গোলাপ মিয়ার ছেলে জাকির হোসেন (২৭), সিলেট নগরীর কাজীটুলার আব্দুল লতিফ আনা মিয়ার ছেলে শিহাব আহমেদ ওরফে জগলু (৩৯), দক্ষিণ কাজলশাহের মৃত জয়নাল আবেদীনের ছেলে রিয়াজ আহমদ (২২), বাগবাড়ীর মৃত তমিজ মিয়ার ছেলে বাবলু আহমদ (২৮), সিলেটের গোলাপগঞ্জের শফিক আহমদ খস্তই মিয়ার ছেলে সাবুল আহমদ (২৫), অনন আহমদের ছেলে সুহেল আহমদ (২১), দক্ষিণ সুরমার মৃত নজরুল ইসলামের ছেলে রাজু ইসলাম শফিক (২২), মৃত চুন্নু মিয়ার ছেলে মো. মইনুল ইসলাম ওরফে ডাইল(৩৮), দক্ষিণ সুরমার কয়েছ মিয়ার ছেলে সুমন (২৫)।
র্যাব জানায়, মাহে রমজান শেষে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাইকারী চক্রের তৎপরতা বেপরোয়াভাবে বৃদ্ধি পাচ্ছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা, ব্যাগ, মোবাইল, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান দ্রব্যাদি ছিনতাই করে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। এরই প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে র্যাব-৯, সিলেট গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই এর সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করতে সক্ষম হয়।
পরে সোমবার দিবাগত রাতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ১৬ জন সক্রিয় সদস্যদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে অভ্যাসগত অপরাধী ও মাদকসেবী উচ্ছৃঙ্খল তরুনদের সমন্বয়ে একাধিক সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। তারা সাধারণ পথচারী ও বিভিন্ন কম গতির যানবাহনের যাত্রীদের টার্গেট করে অপেক্ষাকৃত কম জনবহুল এলাকায় দেশীয় ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে থাকে। এরা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ ব্যক্তিদের ন্যায় ওঁৎ পেতে থাকে এবং ছিনতাই শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ছিনতাই করার সময় তারা ভিকটিমকে প্রাণঘাতী আঘাত করতেও দ্বিধাবোধ করে না।



