গোয়াইনঘাটে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগে ইউপি উদ্যোক্তা বরখাস্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৬, ১:০৯:৩৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাসের বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়া নামে নারীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা অফিসে শিবু দাসের আপন ছোট ভাই ফ্যামিলি কার্ডের নামে ১২০ থেকে ১৩০ টাকা করে নারীদের থেকে টাকা নিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
এ ঘটনায় ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাস কে সাময়িকভাবে বরখাস্ত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে উদ্যোক্তা শিবু দাস ও ছোট ভাই দীপ দাস হৃদয় দুজন মিলে গত কয়েকদিন ধরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে নারীদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। বুধবার দীপ দাস হৃদয় ইউনিয়ন উদ্যোক্তা অফিসে বসে ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে নারীদের থেকে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ঐ ভিডিওতে দেখা যায়, দীপু দাস ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে ইউনিয়ন উদ্যোক্তা অফিসে বসে প্রতি নারী থেকে ১২০ থেকে ১৩০ টাকা করে নিচ্ছেন। এসময় স্থানীয় এক ব্যক্তি প্রতিবাদ করেন এবং আদায় করে নেওয়া টাকা ফেরত দিতে দীপু দাসকে বলেন।
প্রতিবাদকারী ও ভিডিও ধারণকারী ব্যক্তিকে বলতে আরোও শুনা যায় ফ্যামিলি কার্ডের নামে নেওয়া প্রত্যেকের টাকা ফেরত দেওয়ার জন্য। ইউনিয়নে ৯ হাজার মানুষ আছে এভাবে টাকা নিতে থাকলে কোটি টাকা হয়ে যাবে। প্রতিবাদী ব্যক্তিকে বলতে শুনা যাচ্ছে উপস্থিত প্রত্যেক নারীকে জিজ্ঞাসা করছেন কত টাকা করে দিয়েছেন। এসময় জন প্রতি নারীরা ১২০ থেকে ১৩০ টাকা করে দিয়েছেন বলেও জানান। তোপের মূখে দীপ দাস হৃদয় নারীদের জিগ্যাসা করে টেবিলের ড্রয়ার থেকে টাকা বের করে ফেরত দিতেও দেখা গেছে ভাইরাল হওয়া ঐ ভিডিও তে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণে ঘোষণা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গতকাল নির্বাচনী প্রতিশ্রুতির প্রথম ধাপে এর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে সিলেটের সুনামগঞ্জের কয়েকটি উপজেলার নাম রয়েছে। তবে প্রথম ধাপের এই তালিকায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার নাম না থাকলেও ডৌবাড়ী ইউনিয়নে উদ্যোক্তা শিবু দাস ফ্যামিলি কার্ড দেওয়ার নামে মহিলাদের থেকে এনআইডি কাগজপত্র সহ ১২০ থেকে ১৩০ টাকা করে জন প্রতি হাতিয়ে নিচ্ছেন। ইউনিয়ন অফিসে বসে ফ্যামিলি কার্ডের নামে এলাকার সহজ সরল মহিলাদের থেকে টাকা নেওয়ায় স্থানীয়দের তুপের মুখে পড়ে উদ্যোক্তা শিবু দাসের ছোট ভাই দীপ দাস। মূহুর্তেই টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে জানতে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যেক্তা শিবু দাসের ব্যবহৃত মুঠোফোনে একাধিক বার কল দিলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাসকে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে মহিলাদের থেকে ১২০ টাকা করে নিচ্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে অনিয়মের বিষয়টি স্পষ্ট বুঝা যাচ্ছে। শিবু দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।তার বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



