গোয়াইনঘাটে কিশোরের লাশ উদ্ধার ও পাশেই কবর খোঁড়া পাওয়ায় চাঞ্চল্য
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬, ৫:০৭:৪৪ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাটে একটি পোল্ট্রি ফার্ম থেকে সুমন আহমদ (১৭) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশেই একটি খোঁড়া অবস্থায় কবর পাওয়া গেছে। যাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা পোল্ট্রি ফার্মের ভেতরে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত সুমন আহমদ পার্শ্ববর্তী বানিগ্রামের বাসিন্দা আনোয়ার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমনের মুখ বাঁধা ছিল এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছিল। ঘটনাস্থলের পাশেই একটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এতে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি গুম করার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের। ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খবর পেয়ে রাত ১২টার দিকে গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে, পোল্ট্রি ফার্মের মালিকের বাড়ি থেকে রক্তমাখা একটি হাতুড়ি ও এক জোড়া জুতা উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



