এক মসজিদে ১৭০০ মুসল্লির ইতিকাফ!
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ৪:৩৮:১৪ অপরাহ্ন
যশোরের সদর উপজেলার আশরাফুল মাদারিস মসজিদে ইতিকাফে বসেছেন দেশ-বিদেশের প্রায় ১ হাজার ৭০০ মুসল্লি। বিদেশিদের মধ্যে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, পানামা ও মিয়ানমারের বাসিন্দা রয়েছেন। ইতিকাফে বসা মুসল্লিদের খেদমত করছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ প্রায় ৬০০ স্বেচ্ছাসেবক। প্রতিদিন প্রায় আড়াই হাজার মুসল্লির ইফতারি, সেহরি ও খাবারের ব্যবস্থা করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বিদেশি নাগরিক থাকায় পুলিশের নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা গ্রামে রাজারহাট-মণিরামপুর সড়কের পাশেই আশরাফুল মাদারিস। এই মসজিদেই এবার পয়লা রমজান থেকে নফল ইতিকাফে বসেছেন প্রায় ১ হাজার ৭০০ মুসল্লি।
এই ইতিকাফের মূল আকর্ষণ দক্ষিণ আফ্রিকার নাগরিক হজরত ইব্রাহিম ইসমাইল পাণ্ডু ওরফে শায়েখ ইব্রাহিম আফ্রিকী। তিনি শায়খুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহি (রহ.)-এর সিলসিলার অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব। তিনি যেখানেই ইতিকাফে বসেন, সেখানেই তাঁর অনুসারীরা দেশ-বিদেশ থেকে সমবেত হন। এবার তিনি আশরাফুল মাদারিসে ইতিকাফে বসেছেন। তাই তাঁকে ঘিরে ইতিকাফে যোগ দিয়েছেন দেশ-বিদেশের বিশিষ্ট আলেম ও অনুসারীরা। রমজান মাসের শেষ ১০ দিন সুন্নত ইতিকাফ হয়। তবে এই মাদ্রাসায় পয়লা রমজান থেকেই নফল ইতিকাফ শুরু হয়েছে।
আশরাফুল মাদারিসের হোস্টেল সুপার মাওলানা হাসান ইমাম বলেন, ‘২০২৩ সালে আমাদের মাদ্রাসায় প্রথমে বড় পরিসরে ইতিকাফে বসেন দক্ষিণ আফ্রিকার নাগরিক হজরত ইব্রাহিম ইসমাইল পাণ্ডু ওরফে শায়েখ ইব্রাহিম আফ্রিকী। তিন বছর পর ফের একই মাদ্রাসায় ইতিকাফে বসেছেন তিনি। তাঁকে ঘিরে অন্তত ১ হাজার ৬৮০ জন মুসল্লি এই মাদ্রাসায় এসেছেন ইতিকাফে অংশ নিতে। এর মধ্যে বিদেশি নাগরিক অন্তত ৮০ জন। তাঁদের খেদমতে প্রায় ৭০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।’



