সিলেটে বজ্রসহ শিলাবৃষ্টি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ৭:৩১:০১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে ধেয়ে আসা বৃষ্টিবলয় ‘গোধূলি’র প্রভাবে বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। আজ রোববার সেহরির সময়ে বজ্রসহ এই শিলাবৃষ্টি হয়। গত কয়েকদিনের প্রচণ্ড ভ্যাপসা গরমের পর এই বৃষ্টি সিলেট নগরবাসী ও আশপাশের মানুষের জন্য প্রশান্তি বয়ে আনে। এসময় মুষলধারে বৃষ্টি হয়।
সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৬ টা থেকে রোববার সকাল ৬ টা পর্যন্ত ৭১.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। আর রোববার সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত ১২.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। রোববারের সিলেটের আবহাওয়া মেঘাচ্ছন্ন। বৃষ্টির ভাব থাকলেও আর বৃষ্টি হয়নি। তবে সন্ধার দিকে আবার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার সেহরির সময়ে সিলেটে হঠাৎ করে বজ্র সহ বৃষ্টিপাত শুরু হয়। এরপরই শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো স্থায়ী ছিল এই শিলাবৃষ্টি। এরপরে মুষলধারে বৃষ্টি হলেও আর শিলাবৃষ্টি দেয় নি। এই বৃষ্টিতে নগরবাসীর মনে প্রশান্তি বয়ে আনছে। তবে শিলাবৃষ্টি হওয়ায় কৃষকের মনে দুঃখ বাড়িয়ে দিয়েছে। শিলাবৃষ্টির কারণে চলতি মৌসুমের ফসলের, বিশেষ করে বোরো ধান এবং আমের মুকুলের আংশিক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। বৃষ্টিতে সিলেটের চা-বাগানগুলোতে প্রাণ ফিরে পেয়েছে। মরা পাতা আবারও প্রাণ ফিরে পেয়ে সবুজবর্ণ ধারণ করেছে।
আবহাওয়া অফিস সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, আগামী ৪-৫ দিন সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।




