ধলাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৬, ১২:২৪:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মাছ ধরতে গিয়ে সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে রাম রতন তালুকদার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার ধলাই নদীর নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাম রতন সুনামগঞ্জের ধর্মপাশার তেলিগাও গ্রামের মহানন্দ তালুকদারের ছেলে।
বিষয়টি দৈনিক সিলেটের ডাককে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হক মামুন। তিনি জানান, রাম রতন একজন জেলে। রোববার রাতে তিনি ধলাই নদীতে মাছ ধরতে যান। পরে রাত ৮ টার দিকে বজ্রপাতে তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।




