বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা-বাগান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৬, ১২:৫২:০৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : মৌলভীবাজারে গত কয়েক দিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে ৯২টি চা-বাগানে। বিশেষ করে চা-বাগানের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই সময়ের বৃষ্টি। বৃষ্টির কারণে আগামী কয়েক দিনের মধ্যেই চা-গাছে নতুন কুঁড়ি গজাবে বলে জানিয়েছেন চা উৎপাদনের সংশ্লিষ্টরা।
এদিকে চা-গাছের পাশাপাশি বৃষ্টিতে জেলার বোরো ধানখেতে পানির অভাব কিছুটা দূর হয়েছে। বৃষ্টির পানি খেতে আটকে রাখার জন্য কৃষকেরা জমির চারপাশের নালা বন্ধ করে রেখেছেন।
চা-বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টি না হওয়ার কারণে অনেক চা-গাছ মরে গেছে। এই সময়ে বৃষ্টি না হলে আরও অনেক চা-গাছ মারা যেত। বৃষ্টি হওয়ার কয়েক দিনের মধ্যে নতুন পাতা গজাতে শুরু করবে।
শমশেরনগর চা-বাগানের সহকারী ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘বৃষ্টির অভাবে বছরে তিন-চার মাস চা উৎপাদন করা যায় না। গত দুই দিন মৌলভীবাজারে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এতে চা-গাছের অনেক উপকার হবে। গাছ থেকে নতুন কুঁড়ি বের হবে এখন। আশা করি, আগাম বৃষ্টিতে চা উৎপাদন ভালো হবে।’



