জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন বিশ্বনাথের অধ্যাপক রইস উদ্দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ২:২৩:০৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলার অধ্যাপক রইস উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিযুক্ত হয়েছেন। গতকাল সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ড. রইছ উদ্দীনের নাম ঘোষণা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই এ–সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
অধ্যাপক রইস উদ্দিন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর গ্রামের কৃতি সন্তান। বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইস উদ্দিন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও ৬ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান পদে রদবদল এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য পদের দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম খান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক মো. মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক মো. আল ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য হিসেবে অধ্যাপক মো. ফরিদুল ইসলাম দায়িত্ব পাচ্ছেন।
এদিকে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।



