অভিনেতা শামস সুমন মারা গেছেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ১১:৪৪:২৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : অভিনেতা শামস সুমন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও নাট্যনির্মাতা আদিবাসি মিজান।
অভিনেতা রাশেদ মামুন অপু জানিয়েছেন, আজ মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন শামস সুমন। নির্মাতা আদিবাসি মিজান জানান, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে ল্যাবএইড হাসপাতালে মারা গেছেন শামস সুমন।
অভিনেতা শামস সুমন ইমপ্রেস টেলিফিল্মের রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যু সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে ইমপ্রেস টেলিফিল্মের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান আজকের পত্রিকাকে জানান, সুমনের স্ত্রী-পরিবার দেশের বাইরে থাকে। বিকেলের দিকে সুমন তাঁর অফিস কলিগদের ফোন করে শরীর খারাপ লাগার কথা জানান। অফিস থেকে লোকজন তাঁর সেন্ট্রাল রোডের বাসায় গিয়ে তাঁকে অসুস্থ দেখতে পান। সবাই মিলে সুমনকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে তাঁর চিকিৎসা শুরু হয়। শারীরিক পরীক্ষা চলাকালেই মারা যান সুমন।
ইবনে হাসান জানিয়েছেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সুমনের জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
একসময়ের এই তুখোড় অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য ছিলেন। মঞ্চ থেকে শুরু শামস সুমনের অভিনয়জীবন। পরিচিতি পান টিভি নাটকে অভিনয় করে। নব্বইয়ের দশকে ছোট পর্দায় নিয়মিত মুখ ছিলেন শামস সুমন। ছোট পর্দার পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
শামস সুমন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘আয়না কাহিনী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’, ‘হ্যালো অমিত’ ইত্যাদি। ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন সুমন।



