দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীর বালু উত্তোলন : হুমকিতে সড়ক ও পরিবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৬, ১:৫৮:২০ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ দোয়ারাবাজারে মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোতা খাসিয়ামারা নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। সেই সাথে নদীর পাড়ে বালু ডাম্পিং করে রাখায় স্থানীয় বসতবাড়ি, ফসলি জমি, বাজার ও সড়ক রয়েছে ঝুঁকির মুখে। বালু বহনকারী ট্রাক্টরের শব্দ ও ধুলোবালিতে আশপাশের গ্রামগুলোতে শব্দ ও বায়ু দূষণ এবং পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এর থেকে রক্ষা পেতে দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাও গ্রামের সড়কের কয়েকটি স্থানে বিপুল পরিমাণ বালু ডাম্পিং করে রাখা হয়েছে। সড়কের পাশের খাসিয়ামারা নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে সেগুলো এখানে জমা করা হয়। মাঠগাঁও ও ভাঙ্গাপাড়া এলাকায় ৫টি ড্রেজার মেশিন লাগানো হয়েছে। এসব বালু উত্তোলন করে রাতে ট্রাকযোগে দেশের বিভিন্ন জেলায় তা পাচার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, শত শত ট্রাক ও ট্রাক্টরের বিকট শব্দে রাতে ঘুমে ব্যাঘাত ঘটছে গ্রামের মানুষের। ধুলোবালিতে শুধু অতিষ্ঠই নয়, শিক্ষার্থীদের পড়াশোনায়ও মারাত্মক ব্যাঘাত ঘটছে। সড়কের উপর বালু জমে এমন অবস্থা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় এটি যেন বালুর সড়ক। হাঁটাচলা ও যানবাহন চলাচলও দুরূহ হয়ে পড়েছে। এদিকে দীর্ঘদিন ধরে অবাধে বালু উত্তোলনের ফলে নদীর দুই পাড়ের মাঠগাও ও ভাঙাপাড়া গ্রাম ভাঙনের সম্মুখীন। ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পান না বলে জানান ভুক্তভোগীরা।
ভাঙাপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “খাসিয়ামারা নদীতে অবাধে বালু লুট হচ্ছে। প্রশাসন এসব দেখেও না দেখার ভান করছে। প্রতিরাতে ট্রাক্টরের শব্দে ঘুমাতে পারছিনা। সবজি ক্ষেত নষ্ট করে বালু ডাম্পিং করা হচ্ছে। ভাঙ্গাপাড়া গ্রামের হারুন মিয়া বলেন, “খাসিয়ামারা নদীর ভাঙনে মাঠগাঁও ও ভাঙাপাড়া গ্রাম বিলীন হওয়ার পথে। ড্রেজারের তান্ডবে গ্রামবাসী চরম ভোগান্তিতে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় স্থানীয় বাসিন্দা জানান, এলাকার জনপ্রতিনিধিরা এসব বিষয়ে প্রকাশ্যে প্রতিবাদ করেন না। সাধারণ মানুষ প্রতিবাদ করলে মামলার ভয় দেখানো হয়। তবে ইজারাদার হারুন রশিদ বলেন, নদী থেকে বৈধ উপায়ে বালু উত্তোলন করে ডাম্পিং করা হচ্ছে। ডাম্পিং করা এসব বালু রয়েলিটির মাধ্যমে ব্যাবসায়ীরা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। বালু উত্তোলনে কোন অনিয়ম হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, খবর পেয়েই তহশিলদারকে পাঠিয়েছিলাম। কয়েকটি ড্রেজার বিনষ্ট করা হয়েছে। রিমোট এরিয়া এজন্য অভিযান পরিচালনা করতে সমস্যা হয়। ওই চক্রের মূল হোতা কে আমরা খোঁজার চেষ্টা করছি।



