দুপুরে সিলেটে কালবৈশাখীর আভাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৬, ১২:০৮:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ঈদ উদ্যাপনে সারা দেশের মানুষ এখন আপন ঠিকানায় আপনজনের কাছে। এরই মধ্যে ঈদের নামাজের পর এই উৎসব পালনে কেউ রয়েছেন ঘরে অতিথি আপ্যায়নে, কেউবা বেড়াতে যাচ্ছেন পরিবার-পরিজনের সঙ্গে। তবে ঈদ আনন্দ উদ্যাপনের আজকের এই দিনে দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির দেখা মিলতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আজ শনিবার সকালের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ বেলা ১টার মধ্যে সিলেট সহ ১৩ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সিলেটের আকাশ সকালে পরিষ্কার থাকলে ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হচ্ছে। সারা দিনে মেঘাচ্ছন্ন আবহাওয়ার পরিবর্তন হবে না। এর সঙ্গে দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।



