ঈদুল ফিতরের নামাজ
চোখের জলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, বিশ্ব মানবতার কল্যাণে দোয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৬, ১২:১৯:৫৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকালবেলার ঈদের জামাত শেষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ-জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে। সকাল সাড়ে আটটায় জামাত শুরুর আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন আহমদ। বয়ান পেশ করেন একই মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমেদ খান।
মোনাজাতে মুসল্লিরা রমজানের রোজা ও অন্যান্য ইবাদত কবুলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি মৃত আত্মীয়স্বজনের মাগফিরাত কামনা করা হয়। অনেক মুসল্লি চোখের জলে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনা করেন।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



