সিলেট নগরীর মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৮:২৫:০৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট নগরীতে মশক নিধন ও বর্ষা মৌসুমের পূর্বে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এবং চুরি-ছিনতাই সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা আহবায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি শহীদ আহমদ, যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, জাহেদ আহমদ, প্রীতম রায়,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মেঘদাদ মেঘ, সংগ্রাম পরিষদের হোসেন আহমদ, রণি আহমদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনকে সকলের জন্য বাসযোগ্য নগরী গড়ে তোলা আমাদের দীর্ঘদিনের দাবি। কিন্তু বিগত সময়ে পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় সিলেট সিটি কর্পোরেশন আজ নানাবিধ সমস্যায় জর্জরিত। নগরীতে রয়েছে বিশুদ্ধ পানির সংকট। একসময়ের সবুজ শ্যামল নগরী উন্নয়নের নামে বৃক্ষরাজি কেটে ইট পাথরের নগরীতে পরিণত করা।
বক্তারা বলেন, বর্তমানে মশক যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার না থাকায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা নগরবাসীর দুর্ভোগের আরেকটি কারণ। বক্তারা নগরীতে অব্যাহত চুরি-ডাকাতি-ছিনতাই এর কারণে নগরবাসী আতংকিত।
বক্তারা অবিলম্বে মশক নিধন ও বর্ষা মৌসুমের পূর্বে জলাবদ্ধতা নিরসনসহ নগরীর বিদ্যমান সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং চুরি-ডাকাতি-ছিনতাই রোধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।




