সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক- ৯
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৮:২৭:১৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
আটককৃতরা হলেন- নরসিংদীর মাধবদীর আব্দুল লতিফের ছেলে মো. বাদল মিয়া (৩৫), মো. হান্নানের ছেলে মো. বিল্লাল (২৬), মো. জয়নাল আবেদীনের ছেলে মো. ইকবাল হোসেন (৪০), নরসিংদী সদরের মোজাম্মেল কাজীর ছেলে রিফাত হোসেন (২০), নারায়ণগঞ্জের আড়াই হাজারের মৃত মাহমুদ আলীর ছেলে ইলিয়াস (৬০), সিরাজ উদ্দিনের ছেলে সাকিদুল ইসলাম কাজেন (৩৫), মৃত মফিজুর রহমানের ছেলে রিয়াদ মিয়া (২৬), শামসুজ্জামান ভূইয়ার ছেলে তাওসিফুজ্জামান মাহিন (১৯), মৃত ছানাউল্লাহর ছেলে রিফাত (২৬)।
পুলিশ জানায়, সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানাধীন সিলেট তামাবিল মহাসড়কস্থ বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট অভিযান পরিচালনাকালে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্যসহ ৯ জনকে আটক করা হয়।
এসময় ৪৪০ কেজি ভারতীয় জিরা, ৯০ পিস ভারতীয় ডাব সাবান, ৬০ পিস ইন্দোনেশিয়ান হারমোনি সাবান, ভারতীয় ১৬৫ বোতল অলিভ ওয়েল, ৫২০ পিস কিটকাট চকলেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। যেগুলোর সর্বমোট বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার ১০০ টাকা।
মো. মনজুরুল আলম জানান, উক্ত মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




