মাধবপুরে ঈদে বেড়াতে গিয়ে হামলার শিকার পরিবার : স্বর্ণ ও নগদ অর্থ লুট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৯:১৩:২৭ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার পথে একটি পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারী-পুরুষসহ একই পরিবারের ৬ জন আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গতকাল সোমবার (দুপুর সাড়ে ৪টা) উপজেলার ছাতিয়াইন-পৈলাবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী তোফায়েল চৌধুরী জানান, তিনি পরিবারের সদস্যদের নিয়ে পিয়াইম গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। পথে ছাতিয়াইন এলাকায় তাদের বহনকারী সিএনজি অটোরিকশার গতি রোধ করে রাব্বি ও জুয়েল মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তারা।
হামলায় আহতরা হলেন- সুলতান চৌধুরী, নিপা আক্তার, পান্না চৌধুরী, তানভীর চৌধুরী, শাহেন শাহসহ আরও একজন।
হামলাকারীরা পরিবারের নারী সদস্যদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তোফায়েল চৌধুরী বাদী হয়ে আজ মঙ্গলবার ছাতিয়াইন গ্রামের কুতুব মিয়ার ছেলে রাব্বি, জুয়েল মিয়াসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




