ঈদের ছুটিতে চুনারুঘাটের পর্যটন স্পট ও চা-বাগানে পর্যটকের ঢল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৯:১৯:৩৬ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পর্যটন স্পট ও চা বাগানগুলোতে পর্যটকের ঢল নেমেছে। ঈদুল ফিতরের টানা ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো পর্যটকে মুখর হয়ে উঠেছে এ উপজেলার পর্যটন স্পটগুলো। ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত পর্যটকদের ভিড় দেখা গেছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) চা বাগান পর্যটন স্পটে পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ উপজেলার পর্যটন স্পটের মধ্যে সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা অভয়ারণ্য, রামগঙ্গাসহ বিভিন্ন চা বাগান ও বাগানের লেক সমুদ্ভব প্রাকৃতিক ছোঁয়ায় মনের আনন্দে বিমোহিত করে বছরজুড়ে, কম-বেশি প্রকৃতিপ্রেমী পর্যটকরা ভিড় জমান পাহাড় ও চা বাগানে ঘেরা পর্যটন স্পটগুলোতে। বিশেষ করে ছুটির দিন, শীত মৌসুম ও ঈদের ছুটিতে তা বাড়ে কয়েকগুণ। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি।
এবারের ঈদ উপলক্ষ্যে ইতিমধ্যে চুনারুঘাট পর্যটদের পদচারণায় মূখর হয়ে উঠেছে। এতে ভালো ব্যবসার সুবাতাস বইছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। তবে জ্বালানি সংকটের কারনে কিছুটা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে গাড়ি চালকদের।
ঢাকা মানিকগঞ্জ থেকে আগত জুনায়েদ ভূইয়া ও ইসমা ভূইয়া দম্পতি বলেন, পরিবার নিয়ে এই প্রথম সাতছড়িতে বেড়াতে এসে কয়েকটি পর্যটন স্পট ঘুরে দেখেছেন। তবে এই স্পট গুলোর মধ্যে রামগঙ্গা সব থেকে ভালো লেগেছে। ভ্রমণে এসে প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয়দের আন্তরিকতায় মুগ্ধ এই দম্পতি। দেশের দ্বিতীয় বৃহত্তর বন রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে ঘুরে দেখা বন প্রাকৃতিক আনন্দ উপভোগ করেছেন বলে জানান তারা।
মৌলভীবাজার থেকে আগত রুপন চন্দ বলেন, এর আগেও অনেক বার সাতছড়িসহ রেমা-কালেঙ্গায় এসেছি, আসলেও যতবারই আসছি ততবারই ভালো লাগে। পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ কেন জানি বিমোহিত করে তাকে। ফলে সুযোগ পেলেই তিনি এদিকটায় ছুটে আসেন।
উপজেলার বিভিন্ন পর্যটন স্পটগুলোতে থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ সার্বিক নিরাপত্তায় কাজ করতে দেখা গেছে। এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ঈদুল ফিতর পর্যটকের আগমন ঘটেছে এ উপজেলার পর্যটন স্পটগুলোতে। তাদের সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সাদা পোষাকেও কাজ করছে পুলিশ।



