চুনারুঘাটে সাজা শেষে দেশে ফিরলেন দুই ভারতীয় নাগরিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬, ৯:২১:৩০ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে সাজা শেষ করে দেশে ফিরেছেন দুই ভারতীয় নাগরিক। গতকাল সোমবার (২৩ মার্চ) সকাল ১১ টায় উপজেলার বাল্লা সীমান্তের স্থলবন্দর এলাকায় ১৯৬৬ এস-১ পিলারের সামনে চুনারুঘাট বাল্লা বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম, চুনারুঘাট থানার এসআই সজল কুমার পাল ও ভারতের অতিরিক্ত মহকুমা শাসক (মোহনপুর) ধৃতি শেখর রায়, আইপিএস অফিসার ডি কুডিয়াওসো, বিএসএফ এর কোম্পানি কমান্ডার অশোক কুমার, খোয়াই থানার ওসি কে.ডি সরকারের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।
জানা গেছে, গত ১০ ডিসেম্বর ২০২৫ সালে মাধবপুর সীমান্তের ধর্মঘর এলাকায় আটক হয়েছিলেন ভারতীয় নাগরিক শ্রী অমুল্য বিশ্বাসের ছেলে শ্রী অজিৎ বিশ্বাস ও পিয়ারী দাশের ছেলে শ্রী সমীর দাশ। উভয়ের জেলা পশ্চিম ত্রিপুরায়। পরে বাংলাদেশের হবিগঞ্জ কোর্টের বিচারক তাদের ২৮ দিনের সাজা প্রদান করেন। কিন্তু আইনি জটিলতায় ১৬ মাস পরে তাদেরকে ভারতীয় পুলিশ ও বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়।




