সিলেটে ৪ জনের দেহে হাম শনাক্ত, হাসপাতালে নতুন ভর্তি ২১ জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৯:২৩:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে ৪ জনের দেহে হামের সংক্রমণ পাওয়া গেছে। তবে তারা প্রত্যেকেই ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ২১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৩ জন। আর হাসপাতাল ছেড়েছেন ৪ জন।
আজ বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত দৈনিক হাম ও রুবেলা রোগীর তথ্য প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে নতুন করে ৬ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১ জন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, ১ জন মাউন্ট এডোরা হসপিটাল, ১ জন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২ জন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে ৫ জন, ৩ জন মৌলভীবাজার সদর হাসপাতালে ও ১ জন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
আর মোট ৪৩ জন রোগী বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ২৬ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১ জন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, ১ জন মাউন্ট এডোরা হসপিটাল, ২ জন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২ জন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ৯ জন মৌলভীবাজার সদর হাসপাতালে ও ১ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জানান, যে ৪ জনের হাম শনাক্ত হয়েছে, তারা সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। সপ্তাহখানেক আগে তাদের সেম্পল সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়। পরে আজ এসেছে তাদের রিপোর্ট। আর বাকি যারা এখন হাসপাতালে আছেন, তারা প্রত্যেকেই ভালো আছেন। আশঙ্কাজনক অবস্থা কারোরই নেই।




