সিলেটে পেট্রোলিয়াম মজুদ ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর দায়ে জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ৯:৩৬:৩৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে অধিক পরিমাণ পেট্রোলিয়াম মজুদের দায়ে ১০ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালনার দায়ে দুইজন ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে সিলেট নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিলেটের জেলা প্রশাসন ও র্যাব-৯ এই এই জরিমানা করে।
র্যাব জানায়, র্যাব-৯ সিলেট ও সিলেট জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল বুধবার বিকেল ২ টা থেকে ৪ টা পর্যন্ত সিলেটের কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণের বেশি পেট্রোলিয়াম মজুদের দায়ে এ এন্ড এ এসোসিয়েটস্, সিলেট পেট্রোলিয়াম স্টেশনের মালিক কামরানকে ১০ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান ও গণপরিবহণ চালানোর দায়ে আব্দুল আজিজ নামে একজনকে ২ হাজার টাকা এবং আজমল হোসেন নামে আরেকজনকে ১ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।




