সিলেটে এবার মাদক সেবন করিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৬, ৮:২৬:০৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে এবার মাদকসেবন করিয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সিলেট রেলস্টেশন এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় রেল পুলিশ ওই শিশুকে উদ্ধার করে এবং পরবর্তীতে দক্ষিণ সুরমা থানা পুলিশ এই ঘটনায় জড়িত যুবককে মঙ্গলবার সকাল ৬টার দিকে কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এর আগে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে রেল স্টেশন এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।
আটককৃত ব্যক্তির নাম লোদন (৩৫)। তিনি রেল স্টেশন এলাকার বসবাস করতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লোদন প্রায় নেশাগ্রস্ত অবস্থায় রেল স্টেশনে পড়ে থাকেন। মঙ্গলবার ভোররাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার দিকে তিনি এই ভবঘুরে মেয়েকে ভুল বুঝিয়ে নিজের সাথে নিয়ে যান। প্রথমে মেয়েটিকে নেশাগ্রস্ত করে পরে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা রেল পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পরবর্তীতে রেল পুলিশ দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সকাল ৬টার দিকে থানা পুলিশ কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান দিয়ে লোদনকে আটক করে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, স্থানীয়রা রেল পুলিশকে খবর দেন। পরে রেল পুলিশ আমাদের জানায়। এর পরিপ্রেক্ষিতে একজন আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত ওই মেয়েটির খোঁজ পাই নি। এমনকি তার বা তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।




